খুলনায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ১১:২৪


খুলনায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সোহেল রানা (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনার ফুলতলা উপজেলার যুগ্মীপাশা গ্রামের তেলীর পুকুরপাড় নামক স্থানে এ 'বন্দুকযুদ্ধ' হয়।
নিহত সোহেল যশোর জেলার অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ ফকির  জানান, শুক্রবার রাত ৯টার দিকে ১টি ডবল সার্টার গানসহ ফুলতলা উপজেলার পয়গ্রাম কসবা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর সোহেল রানাকে ফুলতলা থানায় রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্র ভান্ডারের তথ্য প্রদান করে।
ওসি জানান, সন্ত্রাসী সোহেল রানার দেয়া তথ্য অনুযায়ী গভীর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ফুলতলা উপজেলার যুগ্নীপাশা তেলীর পুকুর পাড় এলাকায় যায় পুলিশ।  সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা  সোহেলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে  পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করা হয়। সোহেলকে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল  থেকে একটি সিক্স শ্যুটার গান, ১৪রাউন্ড গুলি ও  ৫টি হাত বোমা উদ্ধার করা হয়।
শনিবার সকালে নিহত সোহেল রানার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যালল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, সোহেল একজন তালিকভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, বোমা নিক্ষেপ ও গাড়ী পোড়ানোসহ ৭টি মামলা রয়েছে।