সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শাহাজাহান (৪০) নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোর রাত দেড়টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা মোটরসাইকেল স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাহাজাহান তালা উপজেলার ধানদিয়া গ্রামের মৃত গহর সরদারের ছেলে। বন্ধুকযুদ্ধের সময় পুলিশের দুই কনস্টেবল আহত হন।
পুলিশের দাবি, শাহাজাহান আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রাতে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হন।
তবে তার পরিবারের দাবি, পুলিশ মিথ্যে অভিযোগে তার পায়ে গুলি করেছে। তিনি যুবদল নেতা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোর রাতে ৮/১০ জন ডাকাত কুমিরা মোটরসাইকেল স্ট্যান্ড এলাকায় গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে শাহাজাহান ডান পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা, চাপাতি ও গাছের গুড়ি উদ্ধার হয়েছে। এ সময় পুলিশের দুই কনস্টেবল আহত হন।
ঘটনাস্থল থেকে শাহাজাহানকে আটক করে চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
