নারায়ণগঞ্জে ভূমিকম্পে ভবন হেলে পড়ায় সিলগালা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ১৭:৪৪
নারায়ণগঞ্জে শনিবার দুপুরে কয়েক দফা ভূমিকম্পে শহরের একটি ৬তলা ভবনের কিছুটা অংশ হেলে পড়ার কারণে সিলগালা করে দেওয়া হয়েছে। ওই ভবনে থাকা লোকজনদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে বিভিন্ন গার্মেন্ট কারখানায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২০জন আহত হয়েছে। 
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মমতাজ উদ্দিন জানান, ভূমিকম্পে নারায়ণগঞ্জের বেশিরভাগ স্থানে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকটি গার্মেন্টে কয়েকজন আহত হয়েছে। 
এছাড়া বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 
 
শহরের নয়ামাটি এলাকাতে ৬তলার একটি ভবন এক থেকে দেড় ইঞ্চি হেলে পড়ার পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সেটা সিলাগালা করে লোকজনদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনে প্রকৌশলী দিয়ে পরীক্ষা নিরীক্ষার পর আবার ভবন গুলোতে বসবাসের ব্যবস্থা করা হবে।
 
তিনি আরো জানান, ভূমিকম্পের পর বেশিরভাগ গার্মেন্ট ও ভবনের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এছাড়া ভবন হেলে পড়েছে, কাত হয়ে গেছে, দেবে গেছে এ ধরনের গুজবেও আতঙ্কের সৃষ্টি হয়।
 
IMG0
 
নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরের ভূমিকম্পের পর ফতুল্লার কায়েমপুরে ফকির নিটওয়্যার এর ১২জন শ্রমিককে আনা হয়েছে। তাদের মধ্যে রয়েছে মেরিনা, রাবিয়া, সুরিয়া, নূর সেলিমা, বিউটি, সুলতান, মুন্নি, সেলিনা, রিতা, রোকেয়া, নারগিস, রুবিনা প্রমুখ। এছাড়া আরো কয়েকটি গার্মেন্ট কারখানারও আরো ৮জনের মত শ্রমিক আহত হয়েছে।
 
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুব আলম জানান, ফতুল্লার তলায় মডেল ক্যাপিটাল ডি পলমার একটি আন্ডার কন্সট্রাকশন ভবনের কিছু অংশ দেবে গেছে খবর পেয়েছি। তবে নারায়ণগঞ্জে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।