গাইবান্ধার জেলায় শনিবার দু’দফায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম দফায় দুপুর ১২টা ১৪ মিনিটে এবং দ্বিতীয় দফায় ১২টা ৪৮ মিনিটে ভূমিকম্প হয়। প্রথম দফায় ভূমিকম্পের মাত্রা ছিল অপেক্ষাকৃত বেশি।
এসময় মানুষ বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আতঙ্কে বের হয়ে এসে রাস্তা ও খোলা জায়গায় অবস্থান নেন। এসময় গাইবান্ধা শহরের নিউ ব্রিজ রোডে এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের ৪টি শ্রেণি কক্ষের দেয়াল ও ছাদে ফাটল এবং পলেস্তরা খসে পড়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা দ্রুত সড়ে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভূকম্পনের সময় জেলার সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর বালিকা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুরজাহান খাতুন আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম রোকন জানান, বিদ্যালয়ে নিয়মিত ক্লাশ চলার সময় ভূমিকম্পে নীচতলার ৩টি শ্রেণিকক্ষ এবং দোতলার ১টি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা খসে পড়ে এবং দেয়ালে চির দেখা দেয় তবে ছাত্র শিক্ষকরা দ্রুত সড়ে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর বিদ্যালয় ছুটি দিয়ে দেয়া হয়। দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাদুল্লাপুর বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক শহিদুল ইসলাম জানান, তিনি ওই সময় শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ভূমিকম্প অনুভব হলে শিক্ষার্থীসহ সকল শিক্ষক-শিক্ষিকারা খোলা মাঠে অবস্থান নেয়। এসময় ছাত্রীরা ভয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে। আতঙ্কে নুপুর জ্ঞান হারিয়ে ফেলে।
