চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২০ দল সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মঞ্জুর আলমের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর খুলশি থানা এলাকায় পলিটেকনিক ইনসটিটিউটের সামনে এই হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব এডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম ইত্তেফাককে জানান, মঞ্জুর আলম রবিবার দুপুরে নগরীর পলিটেকনিক ইনসটিটিউট এলাকায় গণসংযোগ করেন। সেখান থেকে শেষে ফেরার পথে শতাধিক যুবক লাঠি-সোটা নিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে মোহাম্মদ মঞ্জুর আলম সুস্থ আছেন। তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
নুরুল ইসলাম আরো জানায়, বর্তমানে মঞ্জুর আলম চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
