চান্দিনায় ডাকাত সন্দেহে প্রতিবন্ধীকে হত্যা, আটক ২

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৪:৪০
কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাত সন্দেহ বাবুল মিয়া (৪০) নামে এক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের বামনিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজকে আটক করা হয়েছে। বাবুল মিয়া চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের চিলোড়া গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলেন, একই উপজেলার মাইজখার ইউনিয়নের বামনিখোলা গ্রামের রফিক মিয়া (৫০) ও আব্দুর রহিম (৬০)।নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
নিহতের বড় ভাই আলী আজ্জাম বলেন, ‘বাবুল জন্মের পর থেকে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। যে কেউ একটি বিড়ি বা পানের বিনিময়ে সারাদিন তাকে দিয়ে কাজে খাটাতে পারতো। বাবুল শনিবার আমাদের পাশ্ববর্তী খলিলুর রহমানের বাড়িতে কাজ করছিলেন। পাশ্ববর্তী ফাঐ গ্রাম থেকে সন্ধ্যায় দিশেহারা হয়ে তিনি বামনিখোলা গ্রামে গেলে রফিক ও মোহাম্মদ আলীসহ আরো কয়েকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করে।’
 
চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে। 
 
মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম প্রধান জানান, যারা তাকে হত্যা করেছে তাদের বাড়িতে গত কয়েক মাস আগে চুরি ও ডাকাতি হয়েছিল। শনিবার গভীর রাতে প্রতিবন্ধী বাবুল দিশেহারা হয়ে ওই বাড়ির পাশ দিয়ে আসার সময় তারা ডাকাত সন্দেহে তাকে আটক করে পিটিয়ে হত্যা করে।
 
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহামদ নিজামী জানান, মূলত এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। ডাকাত সন্দেহে আটক করে থানায় সংবাদ না দিয়ে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা ঠিক হয়নি। বাদী পক্ষের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।