কার্ড গেম হিসেবে সলিটেয়ারের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন নেই কারও। উইন্ডোজ এক্সপিতে তো বটেই, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ ৭-এও সলিটেয়ার তার জনপ্রিয়তার যাত্রা অব্যাহত রেখেছিল। কিন্তু উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১-এ এসে উইন্ডোজে জায়গা হয়নি সলিটেয়ারের। আলাদা ডাউনলোড করার সুযোগ ছিল ঠিকই, কিন্তু মাইক্রোসফট একে বিল্ট-ইন হিসেবে রাখতে পারেনি। অবশেষ তাদের উইন্ডোজ ১০-এ এসে সলিটেয়ারকে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিল্ট-ইন অ্যাপ হিসেবেই উইন্ডোজের নতুন এই সংস্করণে স্থান পাবে জনপ্রিয় এই গেমটি।
