রামগড়ের পার্শ্ববর্তী উত্তর ফটিকছড়ির হেঁয়াকো বাজারে রবিবার একটি গাড়ির পার্টসের দোকানে ট্রাক ঢুকে চাপা দিলে দোকানের মালিক ব্যবসায়ী মো. মোস্তফা (৪৫) ঘটনাস্থলে নিহত হন। এতে গাড়ির মালিক মো. ইয়াছিন (২৭) ও গ্যারেজ শ্রমিক সুমন (২২) আহত হয়েছেন। এ ঘটনায় থানায় কোন মামলা রুজু কিংবা নিহতের লাশের ময়নাতদন্ত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রবিবার সকাল ১০টার দিকে ভূজপুর থানাধীন হেঁয়াকো ট্রাক চালক ও পিকআপ চালক শ্রমিক সমিতির অফিসের পাশের একটি গ্যারেজে একটি ট্রাক (নম্বর-চট্ট মেট্রো ট-১৬৮৬৮২) মেরামত করা হয়। পরে হেলপার গাড়িটি স্টার্ট দেয়া মাত্র এটি দ্রুতগতিতে গ্যারেজের পাশের পার্টসের দোকানে ঢুকে যায়। দোকানের মালিক মো. মোস্তফা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এসময় গাড়ির ধাক্কায় গ্যারেজের কর্মচারী সুমন এবং গাড়িতে বসা ট্রাকের মালিক ইয়াছিন আহত হন। ট্রাকের ধাক্কায় পার্টসের দোকানটি লণ্ডভণ্ড হয়ে যায়। পার্শ্ববর্তী লোকজন দ্রুত এসে আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।
এদিকে, এ দুর্ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে। হেঁয়াকোর বাজারের নিকটবর্তী দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল কাশেমের সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি সিটি কর্পোরেশনের নির্বাচনের ডিউটিতে চট্টগ্রামে অবস্থান করছেন। দুর্ঘটনার কোন খবর তিনি জানেন না।
