শেরপুরে ভূমিকম্প আতঙ্কে একজনের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৮:৪১
শনিবারের দু’দফা ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই রবিবার দুপুরে আবারো শেরপুর জেলা ভূমিকম্পে কেঁপে ওঠে। দুপুর ১ টা ১১ মিনিটের সময় প্রায় ৩২ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে সদরে ১জন নিহত এবং সদর ও নালিতাবাড়ীতে ৪ জন আহত হয়। নিহত ব্যক্তি সদর উপজেলার বেতমারী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে হায়দর আলী ওরফে নান্টু (৭৫)। 
 
তিনি ভূমিকম্পের কথা শুনে দৌড়ে ঘর থেকে বের হতে গিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতরা হলেন- নালিতাবাড়ী শহরের গরকান্দা মহিলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী এলিনা বেগম ও হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহান পারভিন এবং সদর উপজেলার চাপাতলী প্রাথমিক বিদ্যালয়ের ২ ছাত্রী। ভূমিকম্প শুরু হওয়ার সময় দৌড়ে বের হওয়ার সময় এবং দোতালা থেকে নামার সময় উল্টে পড়ে তারা আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেই বাসাবাড়ী, অফিস কক্ষ, ব্যবসা-প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নিরাপদ স্থানে নেমে আসে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে বাইরে খোলা জায়গায় চলে আসে। এসময় কোমলমতি শিশু শিক্ষার্থীরা ভয়ে কান্নাকাটি শুরু করে। খাল-বিল-পুকুরের পানিতে তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।