পোলিং এজেন্টদের তালিকা নিয়ে অভিযান চালাচ্ছে আইনশৃংখলা বাহিনী : বিএনপি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৯:১২
 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ অভিযোগ করেছেন, সরকারের আইনশৃংখলা বাহিনী বিএনপি দলীয় পোলিং এজেন্টদের নামের তালিকা ধরে বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চলে আমরাই জয়ী হবো।
 
 রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হান্নান শাহ এ অভিযোগ করেন। এসময় বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিমুদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
হান্নান শাহ বলেন, নির্বাচন কমিশনের কাছে দেওয়া পোলিং এজেন্টদের নামের তালিকা সরকারি দলের লোক চুরি করেছে । এই তালিকা আইন শৃঙ্খলাবাহিনীর কাছেও চলে গেছে। আর এই তালিকা ধরেই আইন-শৃঙ্খলা বাহিনী এজেন্টদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে।
 
তিনি বলেন, খালেদা জিয়ার ওপর হামলা, কটুক্তি ও ব্যঙ্গাত্মক মন্তব্যে বিএনপি’র ভোট কমে নাই। বরং বেড়েছে। এজেন্টরা যদি কাজ করতে পারে তাহলে তারা এটি ধরে রাখতে পারবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকারের জুলুমের মাত্রা ততই বেড়ে চলেছে। আমরা বিভিন্ন মিডিয়ায় জরিপ থেকে যেসব তথ্য পেয়েছি তাতে আমাদের প্রার্থীরা বিজয়ের পথে রয়েছে। আর সরকার সমর্থক র্প্রার্থীদের ভরাডুবি হতে যাচ্ছে।
 
হান্নান শাহ বলেন, ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে এবং তারা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সেজন্য মহল্লায় মহল্লায় আওয়ামী লীগ ও যুবলীগের বিশেষ টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। পুলিশ-যুবলীগ ও ছাত্রলীগ এক হয়ে আমাদের ঠেকানোর জন্য মাঠে নেমেছে।
 
তিনি বলেন, অবাধ, সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে না সুযোগে নির্বিঘ্নে ভোটকেন্দ্র দখল করে সব জায়গায় নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চলে আমরাই জয়ী হবো। আমরা বিজয় ছিনিয়ে নিতে দেবো না।