শিওরক্যাশে বিনিয়োগ করবে হংকংয়ের ওসাইরিস গ্রুপ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৯:২৭
 
মোবাইল ব্যাংকিং নেটওয়ার্ক শিওরক্যাশে ৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে এশিয়ার অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হংকংভিত্তিক ওসাইরিস গ্রুপ।
 
সম্প্রতি এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীতে শিওরক্যাশের প্রধান কার্যালয়ে প্রগতি সিস্টেমসের সিইও ড. শাহাদাত খান এবং ওসাইরিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেসন বাজাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
অনুষ্ঠানে ওসাইরিস গ্রুপের সাঈদ খান, মির মাহফুজুর রাহমান; প্রগতি সিস্টেমসের  সিবিও মো. আবু তালেব, এসভিপি এসএম সালাহউদ্দিন, এসভিপি মো. আফজালুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
শিওরক্যাশে বিনিয়োগ প্রসঙ্গে ওসাইরিস গ্রুপের জেসন বাজাজ বলেন, ‘প্যাটেন্টকৃত প্রযুক্তি এবং অভিনব বিজনেস মডেলের  কারণে  শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেক্টরে শিওরক্যাশ নতুন ধারা তৈরি করতে পারবে বলেই আমরা মনে করি। সে কারণেই শিওরক্যাশের সাথে আমরা কাজ করতে চাই।’
 
এ প্রসঙ্গে প্রগতি সিস্টেমসের সিইও বলেন, ‘মোবাইল ব্যাংকিং সেবাকে আরও উন্নত করতে আমরা ব্যাংকিং পার্টনারদের পাশাপাশি বিভিন্ন টেলকো, সরকারি-বেসরকারি নীতিনির্ধারক এবং এমনকি কেন্দ্রীয় ব্যাংকের সাথেও কাজ করছি। ওসাইরিস গ্রুপের বিনিয়োগ এক্ষেত্রে আমাদের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।’
 
উল্লেখ্য, শিওরক্যাশ বাংলাদেশের একমাত্র মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান যা মাল্টি-ব্যাংক পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে।