টানা পাঁচ কর্মদিবস ধরে পুঁজিবাজারের সূচক কমছে। রবিবারও কমেছে উভয় শেয়ারবাজারের সূচক। এদিন দুই বাজারেই বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে প্রায় একশ’ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে আড়াইশ’রও বেশি।
গত ছয় মাসের মধ্যে এ দরপতন সর্বোচ্চ। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশের পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে সূচক কমার পাশাপাশি লেনদেনও কমে গেছে। গতকাল লেনদেনের পরিমাণ নেমে এসেছে সেই পুরোনো জায়গায়।
কোম্পানিগুলোর দাম কমার ক্ষেত্রে শীর্ষে ছিল এসিআই। এ কোম্পানির দুটি ব্র্যান্ড বিক্রি করে দেয়ার খবরে কোম্পানিটির শেয়ারদর কমে গেছে। তবে দাম বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে ছিল মিউচুয়াল ফান্ড খাত। লেনদেন বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল এ খাতের।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৫২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ১৫ লাখ টাকা কম।
লেনদেনকৃত ৩০৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৫৮ পয়েন্ট কমে ১২ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৯ কোটি টাকা কম।
লেনদেনকৃত ২২৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৬টির কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ হওয়া বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার থেকে শুরু হবে। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে ৬১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করে। এ জন্য ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।
