গাইবান্ধায় রবিবার দুপুর ১টা ১২ মিনিটে ভূমিকম্পে দু’টি বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেয় এবং আতঙ্কে সুন্দরগঞ্জে এক কৃষক মারা যান।
উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া গ্রামে আবদুল আউয়াল (৪৫) নামে ওই কৃষক বাড়ির পাশের নিজ বোরো ধানের জমিতে কাজ করছিলেন। ভূকম্পন শুরু হলে তিনি আতঙ্কিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই মিলটন বিদ্যালয় পরিদর্শন শেষে জানান, ভূমিকম্পে উপজেলার ভাটিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪টি শ্রেণি কক্ষের দেয়ালে ফাটল দেখা দেয়। এসময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হবার সময় ১০ শিক্ষার্থী আহত হয়।
অন্যদিকে সাদুল্লাপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিয়া জানান, ভূমিকম্পে সাদুল্লাপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫টি শ্রেণি কক্ষের দেয়াল ও ছাদে ফাটল দেখা দেয়। খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলেনুর বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
