নেপালে নিহতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ১৭:১৬


নেপালে ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা তিন হাজার ৬১৭ জন হয়েছে। সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।

 

নেপালের ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, আহতের সংখ্যা অন্তত ছয় হাজার ৫০০।

 

ভূমিকম্পের কারণে ভারত ও চীনে অসংখ্য মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

এদিকে আবারো ভূমিকম্পের আশঙ্কায় তাঁবু ও  খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন নেপালের বাসিন্দারা, ফিরে যেতে পারছেন না নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়িতেও।

 

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, উদ্ধারকর্মীরা নেপালের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় পৌঁছেছে। সেখানে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

 
প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, বহু সম্প্রদায় যারা পাহাড়ি এলাকায় বসবাস করছে তারা বেশি ক্ষয়-ক্ষতির শিকার হয়েছেন।
 
 
সাহায্যকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের মুখপাত্র ম্যাট ডারভাস বলেছেন, যেসব গ্রাম নিয়মিতভাবে ভূমিধসের শিকার হয় সেখানে ২০০, ৩০০ কিংবা এক হাজারের মতো মানুষ ভূমিধসে মাটি চাপা পড়ে নিহত হওয়ার ঘটনা বিরল নয়।
 
ডারভাস বলেছেন, পোখরা থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তি জানিয়েছেন, তার গ্রামে এক হাজারেরও বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পশ্চিমের ধাদিং জেলার মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছে। হাসপাতালে আহত ও অসুস্থ মানুষে ভরে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ও দোকান বন্ধ রয়েছে।
 
উদ্ধার ও সাহায্যকারী দল নেপাল পৌঁছাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মানুষদের উদ্ধার করা হয়েছে।