সাতক্ষীরায় ছিনতাইকারীদের ছোড়া গুলিতে সিদ্দিক তরফদার নামে ওই চক্রের এক সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর মোড়ে এ ঘটনা ঘটে। সিদ্দিক তরফদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামের বাসিন্দা। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে সাতক্ষীরা শহরের কেষ্ট ময়রার মোড়ে হাবিবুর রহমানের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা সিদ্দিক তরফদারকে ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে পুলিশে দেয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
সিদ্দিক তরফদারের দেয়া তথ্যমতে রাতে রামচন্দ্রপুর এলাকায় পলাতক ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় আসামিদের ছোড়া গুলিতে সিদ্দিক তরফদার বাম পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশবিশেষ, একটি কার্তুজের খোসা ও একটি হাসুয়া উদ্ধার হয়েছে। সিদ্দিক তরফদারকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছে।
