লা লিগার থেকে চ্যাম্পিয়নস লিগ জেতা সহজ!

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ১৪:০৯
 
লা লিগায় বার্সেলোনাকে পিছনে ফেলে রিয়াল মাদ্রিদের শিরোপা পুনরুদ্ধারের থেকে চ্যাম্পিয়নস লীগের শিরোপা ধরে রাখার সুযোগই বেশি বলে মনে করছেন ক্লাবটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
 
গত সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করে দিয়ে চ্যাম্পিয়নস লীগের শেষ চারে পৌঁছে গেছে রিয়াল। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। অপর সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ লড়বে কাতালান জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে। কাগজে কলমে এই ড্রকে রিয়ালের জন্য সহজ হিসেবেই মানছেন আনচেলত্তি। বিশেষ করে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি যেহেতু ঘরের মাঠ বার্নাব্যুতে, তাই রিয়ালের ফাইনাল নিশ্চিতের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই লা ব্ল্যাঙ্কোস কোচ মনে করছেন। যদিও লা লিগায় বার্সেলোনার থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে গ্যালাকটিকোরা, হাতে রয়েছে ছয়টি ম্যাচ।
 
১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত জুভেন্টাসের কোচের দায়িত্ব পালন করা ইতালিয়ান আনচেলত্তি বলেছেন, লা লিগায় শিরোপা জেতাটা বেশি কঠিন। কারণ বাকি ম্যাচগুলোতে আমাদের হাতে কোন সুবিধা নেই। বার্সেলোনা লীগ টেবিলে এগিয়ে রয়েছে, যদিও এই ব্যবধান মাত্র দুই। কিন্তু চ্যাম্পিয়নস লীগে আমরা সবাই সমান অবস্থানে রয়েছি। 
 
 মৌসুমের শেষ মাসটিতে মাদ্রিদের জন্য বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। তবে আগামী ৫ মে তুরিনে জুভেন্টাসের মুখোমুখি হবার আগে করিম বেনজেমা এবং গ্যারেথ বেলের সুস্থতা নিয়ে আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেছেন আনচেলত্তি। যদিও লুকা মড্রিচ সম্পর্কে একই কথা বলতে পারেননি ইতালির জার্সি গায়ে ১৯৯০ সালের বিশ্বকাপ খেলা আনচেলত্তি। তিনি বলেন, ‘মড্রিচকে পেতে আমাদের মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথম লেগের আগেই বেনজামার সুস্থতার ব্যাপারে আমরা আশাবাদী। আর সেভিয়ার বিরুদ্ধে আগামী ম্যাচের আগেই ফিরবে বেল।’
 
জুনের শুরুতে বার্লিনে যদি ফাইনালে খেলতে পারে রিয়াল তবে মড্রিচকে ফিরে পাবে বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও রিয়াল বস বলেছেন, দল ভাল অবস্থায় আছে, সেমিফাইনালে জেতাটাই এখন গুরুত্বপূর্ণ। লা লিগায় পরবর্তী ম্যাচগুলো জিততে হলে শারীরিকভাবে সবাইকে সুস্থ থাকাটা জরুরি।
 
এসপানিওলের বিরুদ্ধে জিতে গত শনিবার রাতেই রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা পাঁচে নিয়ে গিয়েছিল বার্সা। তবে গতকাল রাতে রিয়াল সেল্টা ভিগোর বিরুদ্ধে প্রত্যাশিত জয় পেলে সেই ব্যবধান আবারো তিনে নেমে গেছে।- বাসস/ সুপারস্পোর্ট