বরিশাল নগরীর ভাটারখাল এলাকার ঈদগাঁ সংলগ্ন বস্তিতে সোমবার অগ্নিকাণ্ড ঘটেছে। বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বেলা সাড়ে ১২ টার দিকে ওই বস্তির একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আশপাশের দোকান-বসতঘরে তা ছড়িয়ে পড়ে।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন জানান, আগুনে দুইটি ঘর পুরোপুরি ও চারটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘরে পৃথকভাবে একাধিক পরিবার বসবাস করে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
অগ্নিকাণ্ডের খবরে বিসিসি মেয়র আহসান হাবিব কামাল, জেলা প্রশাসক শহীদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
