সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনে মনে হয়েছে তিনি সিটি নির্বাচনের আগেই পরাজয় মেনে নিয়েছেন।
সোমবার কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। পদ্মা সেতু নিয়ে গত রবিবার খালেদা জিয়ার অভিযোগ সম্পর্কে মন্ত্রী বিএনপি চেয়ারপার্সনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেন- বেগম খালেদা জিয়াকে তার অভিযোগ তথ্য দিয়ে প্রমাণ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, একটি মহল চায় না পদ্মা সেতু হোক। তাই তারা কল্পিত অভিযোগ করে পদ্মা সেতুর কাজ বন্ধের চক্রান্ত করছে। পদ্মা সেতুর কাজ বন্ধ হবে না। সরকার তার নিজস্ব অর্থায়নেই এ সেতুর কাজ করবে।
তিন সিটি নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, বিএনপি গত ৯টি সিটি নির্বাচনে একই রকম অভিযোগ করেছে। অথচ তারা ওই ৯টির ৭টিতেই বিজয়ী হয়েছে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোন অবকাশ নেই। এসময় ফোর লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী হাসান ইবনে আলম, সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবিব আহমেদ, সওজ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, ফোরলেনের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাছুম সারওয়ারসহ ফোর লেন ও সওজ’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
