নড়াইলের কালনা-নড়াইল সড়কের স্বপ্নবীথি পার্কের সামনে ঢাকা থেকে কালনাগামী ঈগল পরিবহনের চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় বেরিকেড দিয়ে কালনা-নড়াইল সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। নিহতরা হলেন- লক্ষীপাশা মহিলা কলেজের প্রধান অফিস সহকারী শাহানুর আলম (৫০) ও তার মেয়ে লক্ষীপাশা লিটিলস কিন্ডার গার্ডেনের ৩য় শ্রেণির ছাত্রী নুরে লায়লা ইন্দিরা (১০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকালে জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা কলেজ থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ঈশানগাতি যাচ্ছিলেন বাবা ও মেয়ে। তারা নড়াইল-কালনা সড়কের স্বপ্নবীথি পার্কের সামনে পৌঁছলে খুলনা থেকে ছেড়ে আসা এক্সপ্রেস বাস (যশোর ব-১১-১৪৯) মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহন বাবা-মেয়েকে চাপা দেয়। ঘটনাস্থলে শাহানুর আলম ও তার মেয়ে ইন্দিরা মারা যায়। এ ঘটনার পর এলাকাবাসী নড়াইল-কালনা সড়কে বেরিকেড দিয়ে এক ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখে।
খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধারসহ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের নিকট দেয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসসহ দুইটি বাস আটক করা হয়েছে।
