আগামীকাল মঙ্গলবার ভোটকে সামনে রেখে ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, উত্তরের রিটার্নিং কর্মকর্তা, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের কাছে চিঠি দিয়েছেন ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
সোমবার পাঠানো এই চিঠিতে তাবিথ আউয়াল বলেন, ‘বর্তমান সহিংস পরিস্থিতিতে আমি নিজেকে অনিরাপদ বোধ করছি। সশস্ত্র নিরাপত্তা ছাড়া নিরাপত্তাহীন মনে করছি। ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় ২৯ এপ্রিল পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।’
গত ২৬ এপ্রিল দেয়া অপর এক চিঠিতে তাবিথ সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলা, আদর্শ ঢাকা আন্দোলন সমর্থিত কয়েক কাউন্সিলর প্রার্থীকে হুমকি, প্রচারণাকালে বিএনপি সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের কথা উল্লেখ করেন।
