ভোট কেনার চেষ্টা: ৮ বিএনপিকর্মী গ্রেফতার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ১৯:৪৪
 
রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য ভোট কেনার চেষ্টার সময় নগদ টাকাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত মিরপুর, খিলক্ষেত, হাজারীবাগ ও রমনা এলাকায় অভিযান চালিয়ে নগদ সাড়ে তিন লাখ টাকাসহ ঐ আটজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
 
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর আলম সরকার বলেন, মিরপুর এলাকা থেকে আজ দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট কেনার চেষ্টার সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা সারফিন নামে একজনের নেতৃত্বে ভোট কেনার চেষ্টা করছিলেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা জব্দ করা হয়।
 
খিলক্ষেত থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মধ্যপাড়া এলাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার সময় ভোর চারটার দিকে ফিরোজ মিয়া নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় বিএনপি কর্মী। তার কাছে নগদ সাড়ে ১৫ হাজার টাকা পাওয়া গেছে।
 
হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, গত রবিবার রাতে গনকটুলী এলাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার সময় ২৫ হাজার ৫০০ টাকাসহ থানা যুবদলের ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন নামে এক নেতাকে গ্রেফতার করা হয়।
 

রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আমির হোসেনের জন্য রমনা থানার চল্লিশ ঘর বস্তি এলাকায় গত রবিবার রাতে টাকা দিয়ে ভোট কেনার সময় মাসুদ নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে সাড়ে ১২ হাজার টাকা পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের নির্বাচনী আচর বিধি ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম সরকার।