গত দু’দিনে চারদফা ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনির্মিত মতিহার হলের বিভিন্ন অংশে ফাটলের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে হলটির আবাসিক শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং প্রকৌশলীদের দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ এনে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছে।
সোমবার দুপুর ১টার দিকে মতিহার হলের সামনে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
ওই হলের আবাসিক শিক্ষার্থী রেজাউল করিম শামীমের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থী বোরহান উদ্দিন বাপ্পী ছাড়াও সংহতি জানিয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বক্তব্য দেন। পরে ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে হলের নিমার্ণকাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তিন দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয়া হয়।
এদিকে, উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ভূমিকম্পে রাবির বিভিন্ন ভবন নির্মাণে অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইউনুস আহমদ খানকে সভাপতি করে পাঁচসদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তিনি বিভিন্ন ভবনের ফাটল প্রধান প্রকৌশলীকে নিয়ে পরিদর্শন করেছেন।
রাবির ভারপ্রাপ্ত প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, তারা হল ঘুরে দেখেছেন। কিছু জায়গায় ফাটল দেখা গেছে। কিন্তু সেগুলো গুরুতর নয়। শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
