কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ০০:১৭

গাজীপুরের কালিয়াকৈর টেরি ফ্যাশন লিঃ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ এক নারী শ্রমিক আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শ্রমিকের নাম রেহানা আক্তার। এ ঘটনায় আগুনে দগ্ধ আরো ৫ শ্রমিক বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

কালিয়াকৈর ফায়ার সাভিস সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আজ সকাল সোয়া ৬টায় টেরি ফ্যাশন লিমিটেডের কারখানার একটি কক্ষে রান্না করার জন্য রেহানা আক্তার চুলায় আগুন জ্বালান। এসময় পাশের কম্প্রেসার রুমের গ্যাসের লাইন লিক হয়ে গ্যাস ছড়িয়ে থাকায় আগুনের সুত্রপাত হয়। আগুনে রেহানার শরীরের অধিকাংশ ঝলসে যায়। এ ঘটনায় কম্প্রেসার রুমের পাশের ঘরে রাতে ঘুমিয়ে থাকা ৫ শ্রমিক দগ্ধ হয়। ঘটনার পরই কারখানা কর্তৃপক্ষ দগ্ধ রেহেনা আক্তার, ফজলুল হক, দুলাল, ইয়াসিন ও আঃ খালেক এবং অজ্ঞাতনামা ১ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, রাত সাড়ে সাতটার দিকে রেহেনা আক্তার মৃত্যু বরণ করেন।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, কম্প্রেসার রুমের গ্যাস পাইপ লিকেজ দিয়ে ছড়িয়ে পড়া গ্যাস রান্নার চুলার আগুনের সংস্পর্শে এসে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।