ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবে বিদেশি দূতাবাসগুলো। বিদেশি মিশনের কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরবেন ও নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। আনুষ্ঠানিকভাবে তারা পর্যবেক্ষণ করবেন না। তবে ভোটকেন্দ্র ও আশেপাশের পরিবেশ, ভোটার ও প্রার্থীদের অবস্থাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর ও তথ্য সংগ্রহ কধরবেন বিদেশি কূটনীতিকরা।
তিনটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে এমন আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট সোমবার এক টুইটার বার্তায় বলেন, একটি মজবুত গণতন্ত্রে স্বচ্ছ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হচ্ছে মূলভিত্তি। তিনটি সিটি করপোরেশন নির্বাচন এই চেতনার লক্ষ্যে দৃষ্টান্ত হয়ে থাকবে।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন অপর একই টুইটার বার্তায় আশা প্রকাশ করেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সংঘাত মুক্ত ও বিনা বাধায় অনুষ্ঠিত হবে। জনগণের গণতান্ত্রিক চর্চার সুযোগ হবে এই নির্বাচনে।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস রবিবার এক বিবৃতিতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ সিটি নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। ইউরোপীয় ইউনিয়ন ও ইতিপূর্বে ভোটারদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ প্রদান ও সংঘাতমুক্ত নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।
