মেয়র প্রার্থী এম মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বহিরাগত হাজার হাজার সন্ত্রাসী চট্টগ্রাম নগরীর রাস্তায় নেমেছে। এতোদিন বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্ট হাউজে অবস্থান করলেও বর্তমানে তারা সেখান থেকে বের হয়ে কাজ শুরু করেছে। বিভিন্ন এলাকায় গিয়ে মনজুর আলমের এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছে। ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দেয়া হচ্ছে। এসব বিষয়ে পুলিশ ও নির্বাচন কমিশনকে অভিযোগ দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। গতকাল সোমবার নগরীর মেহেদীবাগের বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খসরু এসব অভিযোগ করেন। এসময় মনজুর আলমের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
