বাংলার ও বাঙালির মহান নেতা শেরে বাংলা ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ার মিয়াবাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালের ২৭ এপ্রিল তিনি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। শেরে বাংলার জন্মস্থান রাজাপুরের সাতুরিয়ায় তাঁর জন্মস্মৃতি এখন বিলুপ্তপ্রায়। আজ পর্যন্ত এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। অযত্ন-অবহেলায় হারিয়ে যেতে বসেছে তাঁর জন্মস্মৃতি।
শেরে বাংলার শৈশবের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন তাঁর এই নানা বাড়িতে। তাঁর জন্মস্থান সাতুরিয়ায় মিয়া বাড়ির সেই আঁতুড় ঘর ও দালান এখন সংস্কারবিহীন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সেই বাড়িটিতে এখন এক দূরসম্পর্কের আত্মীয় বসবাস করছেন। মাত্র কয়েক বছর আগেও শেরে বাংলার ব্যবহূত আসবাবপত্র সেখানে দেখা গেলেও এখন আর কোনো অস্তিত্ব নেই সেগুলোর। শেরে বাংলা প্রতিষ্ঠিত সাতুরিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয় নামে সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও তার ভবনসহ শিক্ষা ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত। দূর-দূরান্ত থেকে পর্যটকরা এখানে এসে কোনো স্মৃতি না দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, এক মহান নেতার জন্মস্থান নানাভাবে অবহেলিত। তাঁর জন্ম ভবনটি সংস্কার করে তাঁর স্মৃতি সংরক্ষণ করা অতি প্রয়োজন। স্থানীয়দের শেরে বাংলা স্মৃতি জাদুঘরের দাবি দীর্ঘদিনের।
ইউএনও এবিএম সাদিকুর রহমান বলেন, তাঁর স্মৃতি রক্ষার্থে ভবনটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন মহলে কয়েকবার লিখিতভাবে জানানো হয়েছে। সেখানে শেরে বাংলার নামে একটি গ্রন্থাগার নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাত্র।
