রাজশাহীতে বাস চাপা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১৯:৩৮
নগরীর বোসপাড়া পুলিশ ফাঁড়ির সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে  বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় সুলতান আলী (৪৫) এবং তানোরের বাধাইর ইউপির একান্নপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এই দুইটি দুর্ঘটনা ঘটে।
 
নগরীর বোয়ালিয়া থানার ওসি আলমগীল হোসেন জানান, সুলতান সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
অন্যদিকে, তানোরের বাধাইড় ইউপি চেয়ারম্যান আবু হেনা জানান, একান্নপুর গ্রামে বাঁশের খুঁটিতে নেয়া লাইনের বৈদ্যুতিক তার সাম্প্রতিক ঝড়ে ছিড়ে যায়। 
 
মঙ্গলবার বিকেলে বাঁশের খুঁটি নাড়ানোর সময় তারের ছেড়া অংশটি শরীর স্পর্শ করায় আনোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।