নেপালের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে এ আশঙ্ক প্রকাশ করেছেন তিনি। এর পাশাপাশি ত্রাণ তত্পরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বিদেশী সাহায্য দাতাদের কাছে তাঁবু ও ওষুধ সরবরাহের আবেদন জানান।
গত শনিবার ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের সময় কৈরালা বিদেশে ছিলেন। পরদিন রোববার তিনি দেশে ফিরেন। দেশে ফিরেই তিনি ত্রাণ তত্পরতা জোরদার ও তত্পরতা সমন্বয়ের নির্দেশ দেন। এছাড়া বিদেশী সাহায্যের আবেদন জানিয়ে কৈরালা বলেন, নেপালের তাঁবু ও ওষুধ দরকার। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় অনেক মানুষ বাইরে ঘুমাতে বাধ্য হচ্ছে, এছাড়া ডজনখানেক আফটার শক বা পরাঘাতের কারণে অনেকে বাড়িতে থাকতে ভয় পাচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘খোলা আকাশের নীচে মানুষ বৃষ্টির মধ্যে ঘুমাতে বাধ্য হচ্ছে। ৭ হাজারের বেশি লোক আহত হয়ে আছে। তাদের চিকিত্সা ও পুনর্বাসন বড় ধরনের চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’
