গোপালগঞ্জে হাসাপাতাল কর্মীকে হত্যা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১৫:৪৭
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জের ধরে হাসপাতাল কর্মচারী সাইফুজ্জামান সমাদ্দার (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার কাশিয়ানী উপজেলার মাঠলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
 
সাইফুজ্জামান গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ১০ শয্যার স্বাস্থ্য কেন্দ্রের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরি করতেন। তার বাড়ি কাশিয়ানী উপজেলার সাঠলা গ্রামে।
 
জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিপক্ষের লোকজন সাইফুজ্জামানকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে । আশংকাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘প্রায় তিন বছর আগে মেয়ে ঘটিত বিষয় নিয়ে সাইফুজ্জামান প্রতিপক্ষ শহিদ সমাদ্দারের ছেলে মিলন সমাদ্দারের পায়ের রগ কেটে দেয়। এ নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার মাঠের মধ্যে একা পেয়ে রগ কাটার প্রতিশোধ নিতে মিলন সমাদ্দার ও তার ভাই দলীয় লোকজন নিয়ে সাইফুজ্জামানের হাত-পা বেঁধে ফেলে। এরপর তাকে কুপিয়ে ও পিটিয়ে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করে। এ ঘটনায়  মামলার প্রস্তুতি চলছে।