আধিপত্য বিস্তার ও দলের অভ্যন্তরীণ জের ধরে প্রতিপক্ষের গুলিতে ইব্রাহিম (৩৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাইফুল ইসলাম (২২) নামে ছাত্রলীগের এক নেতা। ইব্রাহিম সোনাপুরগ্রামের কোরবান আলীর ছেলে। মঙ্গলবার রাতে জেলার সোনাইমুড়ি উপজেলায় এই ঘটনা ঘটে।
ওসি হানিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমিশাপাড়া বাজারে মাদ্রাসা গেটে একটি খাবার হোটেলে উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবলীগকর্মী ইব্রাহিম ও আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুলসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ইব্রাহিমকে লক্ষ্য গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান ও সাইফুল পড়ে গিয়ে আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল নিহতের লাশ উদ্ধার করে। সাইফুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, স্থানীয় যুবলীগকর্মী জাকির হোসেনসহ ১০-১২ জন এই হামলা করেছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
