বরুসিয়া ডর্টমুন্ডের কাছে পেনাল্টিতে ২-০ গোলে পরাজিত হয়ে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেছে। গতকাল বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঁজ এরিনাতে অনুষ্ঠিত জার্মান কাপের সেমিফাইনালে নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র থাকার পরে পেনাল্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
রবিবার জার্মান লিগের শিরোপা নিশ্চিত হওয়া বায়ার্নের হয়ে চারজন খেলোয়াড় নিজেদের স্পট কিক থেকে গোলের সুযোগ নষ্ট করেন। সেই সুযোগে আগামী ৩০ মে জার্মান কাপের ফাইনালে নিজেদের জায়গা করে নেয় ডর্টমুন্ড। ২০১৩ সালে ইউরোপীয়ান কাপ, জার্মান কাপ এবং বুন্দেসলিগার শিরোপাসহ ট্রেবল জয় করা বায়ার্নের সামনে এখনো সুযোগ আছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার। সেই লক্ষ্যে আগামী বুধবার সেমিফাইনালের প্রথম লেগে তারা ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে।
অথচ ম্যাচের ২৯ মিনিটে সাবেক ডর্টমুন্ড তারকা রবার্ট লিওয়ানোদোস্কির গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। কিন্তু ৭৫ মিনিটে পিয়েরে-এমেরিক ওবামেয়াংয়ের গোলে সমতা ফিরলে অতিরিক্ত সময় গড়ায় ম্যাচটি। ফিলিপ লাম এবং জাবি আলোনসোর উভয়ই বায়ার্নের পক্ষে প্রথম দুটি শট বারের উপর দিয়ে উঠিয়ে দিলে পেনাল্টির নাটকীয়তা আরো বৃদ্ধি পায়। বিপরীতে ইকে গুনডোগান এবং সেবাস্টিন কেহল ডর্টমুন্ডের পক্ষে তাদের গোল করলে বায়ার্ন চাপে পড়ে। পরে মারিও গোয়েতজের শট বরুসিয়ার অস্ট্রেলিয়ান গোলরক্ষক মিশেল ল্যানগেরাক রুখে দেন। ডর্টমুন্ডের অধিনায়ক ম্যাটস হামেলসের শটও আটকে দেন ম্যানুয়েল ন্যুয়ার। কিন্তু বায়ার্নের হয়ে চতুর্থ শট করতে গিয়ে ন্যুয়ার নিজেই তা ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দিলে বার্লিনের টিকেট পায় বরুসিয়া।
গত চার বছরে এই নিয়ে তৃতীয়বারের মত কাপ ফাইনালে উঠলো ডর্টমুন্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ বুধবারের অপর সেমিফাইনালে উল্ফসবার্গ এবং আরমিনিয়া বিয়েলেফেল্ডের মধ্যে বিজয়ী দল। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার কেভিন কামপেল মাঠছাড়া হলে ডর্টমুন্ড ১০জনের দলে পরিণত হয়েছিল। জ্যাকব ব্লাসসিজিকোস্কির বদলী হিসেবে ৮৩ মিনিটে মাঠে নামা কামপেল মাত্র ২৫ মিনিট মাঠে ছিলেন। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের আগে অবশ্য বায়ার্ন কোচ পেপ গার্দিওলার সামনে ইনজুরি দু:শ্চিন্তার বিষয় হয়ে উঠতে পারে। দলের তারকা স্ট্রাইকার লিওয়ানোদোস্কি ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরিতে পড়েছেন। এছাড়া ডাচ উইঙ্গার আরিয়েন রবেন ইনজুরি কাটিয়ে একমাস পরে মাঠে ফিরলেও মাত্র ১৬ মিনিট মাঠে থাকার পরে আবারো ইনজুরির কবলে পড়ে মাঠ ছেড়েছেন।
কাউন্টার এ্যাটাক থেকে ২৯ মিনিটে পোলিশ স্ট্রাইকার লিওয়ানোদোস্কি বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন। গত মৌসুমের শেষে ফ্রি ট্রান্সফার উইন্ডোতে লিওয়ানোদোস্কি বরুসিয়া থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন। ৫৫ মিনিটে তার আরেকটি শট ক্রসবারে লেগে ফেরত আসলে হতাশ হতে হয় স্বাগতিকদের। কিন্তু ফিরতে বলটি ডর্টমুন্ড ডিফেন্ডার মার্সেল শামেলজারের হাতে স্পষ্টভাবে স্পর্শ করলেও রেফারী পিটার গেজেলমান তা এড়িয়ে যান। ৭৫ মিনিটে পিয়েরে এমেরিক ওবামেয়াং ডর্টমুন্ডকে সমতায় ফেরালে সেমিফাইনালের নাটকীয়তা জমে উঠে। যদিও গোলটি নিয়ে বিতর্ক ছিল। নুয়্যারের হাতে ধরা পড়ার আগে বলটি লাইন ক্রস করেছিল কিনা তা নিয়ে বিতর্ক উঠে। কিন্তু গোলটিকে বৈধতা দিয়ে রেফারী গোললাইন প্রযুক্তির ব্যবহার কাজে লাগাতে চাননি। অতিরিক্ত সময়ে জার্মান অধিনায়ক বাস্টিয়ান শোয়েইন্সটেইগারের দুটি হেড অসাধারণ দক্ষতায় রুখে দেন সকারুজ গোলরক্ষক ল্যানগেরাক।
