ফের দরপতন পুঁজিবাজারে

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১৮:৩১
 
 
 
সিটি করপোরেশন নির্বাচনের পর প্রথম লেনদেনে পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে।বুধবার দেশের উভয় বাজারে শেয়ারের দরপতন হয়েছে।সঙ্গে কমে গেছে লেনদেনের পরিমাণ।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, ‘সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়ায় বিনিয়োগকারীরা হতাশ। এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক আশাবাদ পাওয়া যাচ্ছে না। ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। এ দিকে, টানা পাঁচ কর্মদিবস দরপতনের পর সোমবার একদিন দরপতন থামলেও তা স্থায়ী হলো না। বুধবার ফের কমে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা গেছে একই চিত্র।
তথ্যে দেখা গেছে—বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৯ কমে ৪ হাজার ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৪ কমে ১ হাজার ৫৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৬ কোটি ১৭ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম। লেনদেনকৃত ৩০৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দর। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৬ কমে ১২ হাজার ৬৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯৯ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দর।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে দফায় দফায় দরপতনে অধিকাংশ কোম্পানির শেয়ারের খুব নিচে চলে এসেছে। এর পরও বিনিয়োগকারীদের শেয়ার কেনার পরিমাণ বাড়ছে না। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণেই এ পরিস্থিতি হচ্ছে বলে মনে করেন তারা। এ দিকে, সিটি করপোরেশন নির্বাচনে সব রাজনৈতিক দল ও জোটের অংশ গ্রহণের ফলে সাময়িকভাবে শেয়ারবাজারে গতি ফিরে এসেছিল। সূচক ও লেনদেনে দেখা গেছে ইতিবাচক প্রবণতা। কিন্তু নির্বাচন নিয়ে নানা শঙ্কা তৈরি হওয়ার পর বাজারে সূচকের পতন শুরু হতে থাকে।