কুষ্টিয়ায় রবি মোবাইল নেটওয়ার্ক কোম্পানীর দায়িত্ব অবহেলায় সাগর (৮) নামের এক হতদরিদ্র শিশু বিদ্যুতায়িত হয়েছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে। সাগর কুষ্টিয়া মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের ক্যানেলপাড়ার ভ্যান চালক রব্বেশ আলীর ছেলে।
দেরিতে প্রাপ্ত সংবাদে জানা যায়, ২৫ এপ্রিল রাতে ঝড়ের কবলে পড়ে ভেড়ামারা থেকে মিরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্থ হয়। ওই সঞ্চালন লাইন দিয়ে রবি মোবাইল নেটওয়ার্ক কোম্পানী ডিশ লাইনের মতো পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ভেড়ামারা থেকে মিরপুর উপজেলায় থ্রিজি প্রযুক্তির লাইন চালু করে। ঝড়ে রবির থ্রিজি লাইনের তার ছিড়ে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইন উপর দিয়ে মাটি থেকে সামান্য উপরে অরক্ষিত অবস্থায় ঝুলতে থাকে।
রাতে পল্লী বিদ্যুৎ তাদের বিধ্বস্ত লাইন মেরামত করে বিদ্যুৎ সংযোগ চালু করলেও পরদিন ২৬ এপ্রিল দুপুর পর্যন্তও রবির কেউ ওই লাইন মেরামতে আসেনি। ২৬ এপ্রিল দুপুরে সঞ্চালন লাইনের অনতিদুরে ক্যানেল পাড়ার শিশু সাগর ঝুলে থাকা ওই তারে হাত দেয়ামাত্র বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে মিরপুর, পরে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে নেয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক জানাজানি হলেও রবি মোবাইল নেটওয়ার্ক কোম্পানীর পক্ষ থেকে আহত হতদরিদ্র শিশু সাগরের চিকিৎসায় ব্যয়ভার বহনের জন্য তারা এগিয়ে আসেনি। এ ব্যাপারে রবির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
