শরণখোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, পাঁচ ডাকাত আটক

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৬:৪১

শরণখোলায় ডাকাতি করে পালানোর সময় জনতা পাঁচ ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে। শনিবার ভোর রাতে উপজেলার ধানসাগর গ্রামে ঘের ব্যবসায়ী কামরুজ্জামান বুলবুল হাওলাদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামরুজ্জামান বুলবুল জানান, শুক্রবার দিনগত রাত তিনটার দিকে ঘরের জানালা ভেঙে ও সিঁদ কেটে পাঁচজন ডাকাত তার বসতঘরে প্রবেশ করে প্রথমে তাকে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা তার স্ত্রী, মেয়ে ও শ্বাশুড়িকে রাম দা ও পাইপ গান ঠেকিয়ে জিম্মি করে। বাইরে আরো চার-পাঁচ জন ডাকাত বাইরে অবস্থান করছিল।

এ সময় ডাকাতরা চাবি নিয়ে আলমারি খুলে ৫৫ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। প্রায় এক ঘন্টা ওই ডাকাতরা ঘরে অবস্থান করে এবং ফ্রিজে রাখা খাবারও খেয়েছে। ডাকাতরা যাওয়ার সময় শনিবার ভোররাত পাঁচটার দিকে পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার কেয়ার বাজারে স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে।

আটক ডাকাতরা হচ্ছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রামের খালেক তালুকদারের ছেলে বাবুল ওরফে রাজু (২১), একই গ্রামের আমির আলী খানের ছেলে রহিম খান (২৮), পাতাকাটা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৫), বাদুড়া গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার ওরফে মনির (২৪) এবং ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজনু তালুকদারের ছেলে মেহেদী হাসান ওরফে কাইয়ুম (২৮)।

আটকের পর প্রথমে তাদের মোরেলগঞ্জ থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পরে সকাল আটটার দিকে ওই পাঁচ ডাকাতকে শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ ছাদ ধ্বসে পড়লো রংপুর কোর্ট মসজিদ কমপ্লেক্সের

শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, ‘এ ব্যপারে শরণখোলা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু