দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১৮:৪১
সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী যুবক নিহত  হয়েছেন। নিহত যুবক আমিনুল ইসলাম (৩৫)  দোকান ব্যবসায়ী ছিলেন। 
নিহতের স্ত্রী সায়েমা বেগমের বরাত দিয়ে তার বড় ভাই মসলা ব্যবসায়ী গোলাম মোস্তফা জানান গত ১৭ এপ্রিল দক্ষিণ আফ্রিকার পোমেরি শহরে দোকানের মধ্যেই সন্ত্রাসীরা আমিনুলকে গুলি  করে গুরুতর আহত করলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায়  গত ২৭ এপ্রিল তিনি মারা যান। পরের দিন তার স্ত্রী সায়েমা বেগম মোবাইল ফোনে মৃত্যু সংবাদ জানিয়ে বলেন, স্বামীর লাশসহ ১মে বাংলাদেশি সময় বিকাল সাড়ে ৫টায় বিমান যোগে ঢাকায় বিমান বন্দরে পৌঁছবে। 
 
সরজমিনে গিয়ে দেখা গেছে, ডালিমের বাড়িতে তার আত্মীয়রা তার দাফনের ব্যবস্থায় আলোচনায় ব্যস্ত থাকলে তার মা মোসা. হোবিয়ারা বেগম এখনো তীর্থের কাকের মত তাকিয়ে আছেন, তার ছেলে আমিনুল ইসলাম ডালিম আগামী কাল বাড়ি এসে তাকে মা বলে ডেকে জড়িয়ে ধরবেন। 
বাবা আজাহার আলি বাড়ির উঠানে বসে আছেন,  তার ছেলে এসে প্রথমে তাকে বাপু বলে ডাকবে। ডালিমের পরিবারের সবাই তার মৃত্যু সংবাদ জানলেও তার মা- বাবাকে বলা হয়েছে ডালিম আগামীকাল বাড়ি আসছেন।
তার বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নাধীন হাউসনগর গ্রামে।