টি-২০ তে গেইলের ৫০০ ছক্কার রেকর্ড

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১৭:৪৪
 
প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে টি-২০ ক্যারিয়ারের ২০১তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন গেইল। কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার আগে তিনি ১০ রান সংগ্রহ করেছিলেন। তবে ছোট এই ইনিংসে টিম সাউদির বলে লং অফ দিয়ে দারুণ এক ছক্কা হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম লেখাতে ভুল করেননি তিনি।
 
ওভার বাউন্ডারি হাঁকানোর দিক থেকে তার ধারেকাছেও কেউ নেই। মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা তার ক্যারিবিয় সতীর্থ কিয়েরন পোলার্ড ৩৪৮টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে বাউন্ডারি হাঁকানোর তালিকায় অবশ্য গেইল রয়েছেন দ্বিতীয় স্থানে। তার করা ৫৬৯টি বাউন্ডারির বিপরীতে অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ ৬৩৮টি মেরে রয়েছেন প্রথম স্থানে।
 

আরসিবিতে যাওয়ার আগে গেইল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন। আইপিএল এ এখন পর্যন্ত ৭৪ ম্যাচে তিনি সর্বমোট ২৯৭৭ রান সংগ্রহ করেছেন। এখানে তিনি সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করেছেন, সাথে রয়েছে ১৮টি হাফ সেঞ্চুরি।