'ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধ বর্বরতার শামিল'

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ২০:৫০
 
ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন তাং ডং বলেছেন, ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র অসংখ্য অপরাধ করেছে যা বর্বরতার শামিল।
 
ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার ৪০ বছর পূর্তি উপলক্ষে হো চি মিন সিটিতে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। ১৯৭৫ সালের ৩০ এপ্রিল তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের সায়গন শহরটি হো চি মিনের নেতৃত্বে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট যোদ্ধারা শত্রুমুক্ত করে। এই শহরটিই এখন হো চি মিন সিটি নামে পরিচিত।
 
১৯৫৫ সালে শুরু হওয়া এই যুদ্ধ ২০ বছর ধরে চলে। যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামের পক্ষে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র। ২০ বছরের এই যুদ্ধে দেশটিতে ৫৮ হাজার মার্কিন সেনাসহ প্রায় ৩০ লাখ ভিয়েতনামবাসী নিহত হয়।
 
দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা এসময় অসংখ্য বর্বরতার ঘটনা ঘটিয়েছে যা আমাদের দেশের মানুষের জন্য অবর্ণনীয় দুঃখ-দুর্দশার নিয়ে আসে।
যুদ্ধের ফল হিসেবে দেশটিতে এখনো অনেক মানুষ বিকলাঙ্গতার শিকার হচ্ছেন। উত্তর ভিয়েতনামের ঘন জঙ্গলে আশ্রয় নেয়া গেরিলা যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমানবাহিনী বিষাক্ত রাসায়নিক ডাইঅক্সিন ছড়িয়ে দেয়। ফলে দেশটির জনস্বাস্থ্য সুদূরপ্রসারী ক্ষতির সম্মুখীন হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের ব্যবহৃত নাপাম বোমার কারণে বহু বেসামরিক মানুষ প্রাণ হারান।