ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের এশিয়া ও প্যাসিফিকবিষয়ক উপ-কমিটির সভাপতি কংগ্রেসম্যান ম্যাট স্যালমনের সঙ্গে তাঁর ক্যাপিটল হিলের কার্যালয়ে সাক্ষাত করেন। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এ সময় কংগ্রেসম্যান স্যালমনকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এক দশকের বেশী সময় ধরে বাংলাদেশ ৬ দশমিক ২ এর অধিকহারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। বাংলাদেশ ২০১৫ সালের পূর্বেই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বেশিরভাগ লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অভাবনীয় সাফল্য বাংলাদেশকে উন্নয়নশীল বিশ্বেও কাছে ‘অনুকরণীয় আদশর্’ হিসেবে পরিগণিত করেছে। রাষ্ট্রদূত আরো জানান, বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত উন্নয়ন সাধন করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ অনুযায়ী একটি মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।
