‘ভবিষ্যতে নির্দিষ্ট শিল্পাঞ্চল ছাড়া গ্যাস সংযোগ নয়’

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ২১:১৮
 
 
 
 
 
 
ভবিষ্যতে নির্দিষ্ট শিল্পাঞ্চল ছাড়া আর গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিদ্যুত্ ভবনে ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনটির সভাপতি মোল্লা আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি বিভাগের সচিব মনোয়ার ইসলাম ও আবুবকর সিদ্দিক।
প্রতিমন্ত্রী বলেন, ‘আর কখনে আবাসিক এলাকা ও ক্যাপটিভ ক্ষেত্রে (জেনারেটর দিয়ে বিদ্যুত্ ‍উত্পাদন) গ্যাস সংযোগ দেয়া হবে না। তবে শিল্পকারখানায় যেসব সংযোগ প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেয়া হবে।
শিল্প মালিকদের তিনি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা অনুরোধ করব, শিল্পমালিকরা যেন নির্দিষ্ট অঞ্চলে শিল্প স্থাপন করেন।’ 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন বিদ্যুতের কোনো লোডশেডিং নেই। বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণে নিরবচ্ছিন্ন ও প্রয়োজনীয় বিদ্যুত্ পাচ্ছেন না গ্রাহকরা। এ সমস্যাও একসময় মিটে যাবে।