৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ০১ মে ২০১৫, ১৭:১৮
অবৈধ পথে ভারতে যাওয়ার পর ভারত সীমান্তে আটক ছয় বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। 
 
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে বিজিবি। বৃহস্পতিবার  রাত সাড়ে ১১টার দিকে বেনাপোলের সাদিপুর সীমান্তে বিজিবি’র কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। 
 
ফেরত আসা যুবকেরা হলেন, যশোরের রাজারহাটের খায়ের মল্লিকের ছেলে শাহিন (২৭), ঝিনাইদহের মহেশপুর উপজেলার এলাকার দুধু মোল্যার ছেলে মোস্তফা (২৭), বরিশালের মুলাদী উপজেলার লুৎফর হোসেনের ছেলে স্বপন (২৯),  শরীয়তপুরের কাশিপুর এলাকার আব্দুল হাওলাদারের ছেলে রাশেদ (২০), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আনোয়ার হোসেনের ছেলে রায়হান (২০), ও সুনামগঞ্জের আব্দুল মালেকের ছেলে ইউছুফ আলী (৩৮)। 
 
বিজিবি জানায়, ফেরত আসা যুবকেরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার অপরাধে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে পুলিশে সোপর্দ না করে মানবিক কারণে তাদের ফেরত দেয়।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, তাদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।