প্রয়াত ফুফুকে দেখতে যেতে চেয়ে ছিলেন তামিম

আপডেট : ০২ মে ২০১৫, ১০:২৮
 
 
পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১৩৮ রানে অপরাজিত আছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। তাতেই প্রথম টেস্ট থেকে ইতিবাচক ফলের স্বপ্ন দেখছে টাইগাররা। নিজের এই সেঞ্চুরিটি প্রয়াত ফুফুকে উৎসর্গ করার কথাই জানালেন তামিম। 
 
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে প্রিয়জনের মৃত্যুর কথা জানান বাংলাদেশের তামিম। 
 
প্রিয়জনের মৃত্যুতে শোকে কাতর হয়ে নিজের অনুভূতির কথা এভাবেই শেয়ার করেন তামিম, ‘আমি ও আব্বা ফুফুর হাতের রান্না খেতে খুব পছন্দ করতাম। আমরা যৌথ পরিবার। আনন্দ ও সুখের অভাব নেই। যে কোন রান্নার অনুষ্ঠান বিশেষ করে খানা-খাজানার রেসিপি দেখে ফুফুর কাছে বায়না করতাম, ফুফু আবদার পূরণ করতেন। সেই প্রিয় ফুফু পৃথিবী ছেড়ে চলে গেছেন। আর আমি ক্রিকেট মাঠে খেলছি দেশের জন্য। পরিবারের চেয়ে দেশই আমার কাছে বড়। আজকের সেঞ্চুরি তাই আমার অতি প্রিয় ফুফুকে উৎসর্গ করলাম।
 
তামিম আরও বলেন, ফুফুর মৃত্যুর সংবাদ শোনার পর সুজন ভাইকে বলেছিলাম আমি আউট হলে তাকে শেষ দেখার জন্য যেতে পারব কি না! তখন তিনি অনুমতি দেন। কিন্তু দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমি খেলছি। তাছাড়া গিয়ে ফুফুর জানাজা পাব না। তাই আগামীকাল (শনিবার) দলের সাথেই আছি আমি এবং যথারীতি আমার ইনিংস তথা দলের ইনিংসকে বড় করতে চাই।
 
ফুফুর প্রতি আবেগময়ী কথা শেষে টেস্টেও চতুর্থ দিন নিয়ে কথা বলেন তামিম, ‘চতুর্থ দিনটি ছিল আমাদের। তাদের প্রথম ইনিংসের রান বড়, আমরা ২৯৫ রানে পিছিয়ে। এমন অবস্থায় কেমন শুরু করব সেটা চিন্তুা করে আমি ও ইমরুল অ্যাটাকিং এবং পজেটিভ ইনিংস খেলা শুরু করি। আমরা দু’জনেই আত্মবিশ্বাসের সাথে নিজ নিজ স্টাইলে খেলতে থাকি।
 
পঞ্চম ও শেষ দিনে কি ঘটতে পারে এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, কাল ভয়ঙ্কর দিন। আমরা প্রথম সেশন ভালোভাবে পার করতে পারলে এবং পরের সেশনের নতুন বলের ১০/১২ ওভার কাটিয়ে দিতে পারলে আক্রমণাত্মক খেলব। এরপর নির্ভর করছে টেস্টের ফলাফল। খুলনা টেস্টের প্রথম ও চতুর্থ দিন আমাদের ছিল। কিন্তু শেষ দিনটি কার সেটা এখনি বলা যাচ্ছে না।