বুরুন্ডিতে গ্রেনেড হামলায় ২ পুলিশসহ নিহত ৩

আপডেট : ০২ মে ২০১৫, ১৫:৩৪
বুরুন্ডির রাজধানীতে এক গ্রেডেন হামলায় শুক্রবার দুই পুলিশসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। বুজুম্বুরার কামেঙ্গে এলাকায় হামলা ও হতাহতের এ ঘটনা ঘটে। 
 
দেশটির পুলিশের মহাপরিচালক আন্দ্রে ডায়াম্বেজে বার্তা সংস্থা এএফপিকে জানান, এই হামলায় দুই কর্মকর্তা নিহত ও অপর একজন আহত হয়েছে। 
 
প্রেসিডেন্ট পিয়েরি এনকুরুনজিজার তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ গ্রহণকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
 
স্থানীয় এক ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, এই ঘটনায় এক বেসামরিক লোক নিহত ও অপর দুইজন আহত হয়েছে। 
 
রাজধানীর প্রাণকেন্দ্রে একইধরণের আরেকটি হামলায় তিন পুলিশ আহত হয়েছে বলে পুলিশের মহাপরিচালক জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রামেঙ্গেতে পুলিশ টহল দিচ্ছে। নগরীতে পুলিশের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়েছে। 
 
স্থানীয় বাসিন্দা আরো জানান, স্বয়ক্রিয় অস্ত্র হামলার পর গ্রেনেড হামলা চালানো হয়। তিনি জানান, ঘটনাস্থলেই এক পুলিশ নিহত হয়। অপর একজন আহত হয়। 
 
কয়েক মিনিট পর স্থানীয় পুলিশ প্রধানের গাড়ির নিচে একটি গ্রেনেড বিস্ফোরিত হয়। ওই সময় তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন। তিনি গাড়ি থেকে বের হয়ে গেলেও গুলিতে নিহত হন।