এক লাখ দুই হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে পঞ্চগড় থানা পুলিশ। শনিবার দুপুরে শহরের হিলটন আবাসিক বোডিং থেকে জাল টাকাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বরিশাল জেলার মুলাদি উপজেলার কুমচর এলাকার সোহেল (২৮) ও সিহাবউদ্দিন (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই আবাসিক বোডিং এর ৩৩ নম্বর কক্ষে অভিযান চালায় পুলিশ। কক্ষে রাখা ব্যাগে তল্লাশি চালিয়ে এক হাজার টাকার একশ দুইটি জাল নোট উদ্ধার করা হয়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জাল টাকার নোটসহ দুইজনকে আটক করার কথা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
