নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জনগণের ওপর আস্থা না রেখে সন্ত্রাসীদের উপর আস্থা রেখে যারা নির্বাচন ও রাজনীতি করতে চায়, তাদের বিজয় লাভ করা সম্ভব নয়।
শনিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক বজলুর রহমান মন্টু খান এবং বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
নৌমন্ত্রী মাদারীপুর প্রেসক্লাবে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন এবং আরো ২০ লাখ টাকা অনুদান দেবার ঘোষণা দেন।
পরে তিনি বাহাদুর পুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিস, বাহাদুরপুর ইউনিয়নে একটি সেতু, একটি হেলথ সেন্টার উদ্ধোধন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মাষ্টার। বাহাদুরপুর কালিবাজারে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র ইয়াদ আলী প্রমুখ।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, জনগণ সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতাকে কখনই আশ্রয় দেয়নি ও পছন্দ করেনি। জনগণ যখন কোন মতের পক্ষে থাকে তার বিজয় হবেই। নির্বাচনে যারা হেরে যায় তারা নানা প্রশ্ন তুলে, এটা নতুন কিছু নয়।
সিটি নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে দাবি করে নৌপরিবহন মন্ত্রী প্রশ্ন করে বলেন, নির্বাচনে যদি কারচুপি হতো, তাহলে বিএনপি এত ভোট কি করে পেল? মোট ৪৪ ভাগ ভোট জনগণ দিয়েছে, তার বিরাট একটি অংশ বিএনপি পেয়েছে। এই নির্বাচন নিয়ে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটা পারেনি।
