গাজীপুরে সাইকেল কারখানার আগুন সোয়া ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ০২ মে ২০১৫, ১৭:৫০
গাজীপুরের শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকায় মেঘনা শিল্প গ্রুপের ট্রান্স ওয়ার্ল্ড সাইকেল কারখানার আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সোয়া ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কারখানার উৎপাদিত সমস্ত সাইকেল ও বিভিন্ন যন্ত্রপাতি, সাইকেল তৈরির কাঁচামাল পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, শনিবার  দুপুর পৌনে দুইটার দিকে শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ির নতুনবাজার এলাকায় মেঘনা শিল্প গ্রুপের ট্রান্স ওয়ার্ল্ড সাইকেল কারখানার একটতলা টিনশেড স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের সাইকেল সংযোজন ফ্লোর এবং দ্বিতল অফিস ভবনের বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে পাশের এসএম নিট ওয়্যার কারখানা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ফোর লেন উন্নীত করণ কাজে নিয়োজিত সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করে। দীর্ঘ সোয়া দুই ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রনে আসে। 
 
খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মান, শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার রেজাউল হাসানসহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।