গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধ আরো তিনজনের মুত্যু

আপডেট : ০২ মে ২০১৫, ২৩:২৭

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানার কম্প্রেসার রুমে গত সোমবারের অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এরা হলো আবদুল মালেক (৩০), আবুল হোসেন (৫০) ও দুলাল হোসেন (২৬)। এ নিয়ে ওই ঘটনায় চারজন মারা গেছেন। এর আগে রেহেনা আক্তার (৩০) নামের এক কর্মী ঘটনার পরদিন মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু খন্দকার জানান, আগুনে দগ্ধ  আবদুল মালেক শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত শুক্রবার সকালে আবুল হোসেন ও একইদিন দুপুরে দুলাল হোসেন এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, গত সোমবার সকালে গাজীপুরে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকাস্থ একটি কারখানার কম্প্রেসার রুমের গ্যাস পাইপ লিক হয়ে গ্যাস বের হয়। পাশে একটি কক্ষে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন রেহেনা আক্তার। চুলায় আগুন ধরানোর সময় দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে সঙ্গে সঙ্গে কক্ষে ছড়িয়ে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এসময় রেহেনা আক্তারসহ ওই কক্ষে ঘুমিয়ে থাকা আরো ৬ জন শ্রমিক কম বেশি আগুনে দধ হয়। এরা হলো- রেহানা বেগম (৩০), ফজলুর রহমান (২৩), আবদুল মালেক (৩০), দুলাল হোসেন (২৬), জাহিদুল ইসলাম (৩৪), মোহাম্মদ ইয়াসিন (৪৫) ও আবু হোসেন (৫০)। এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।