ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ফাতেমা বেগমসহ (৪৫) দুইজনকে আটক করেছে পুলিশ। স্ত্রীর স্বীকারোক্ত অনুযায়ী রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাসার সামনে গোয়াল ঘরের মধ্যে মাটিতে পুতে রাখা অবস্থায় স্বামী রফি উদ্দিেনর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রফি উদ্দিন মোবারকগঞ্জ চিনিকলের গ্যারেজ ম্যাকানিক ও মাগুরার শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের তাহাজ্জেদ ড্রাইভারের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, মোবারকগঞ্জ চিনিকলের গ্যারেজ ম্যাকানিক রফি উদ্দিনকে তার স্ত্রী ফাতেমা বেগম গত মার্চ মাসের শেষের দিকে হত্যা করে। এ ঘটনার পর তার স্ত্রী প্রচার করে বেড়ায় যে তার স্বামীকে অপহরণ করা হয়েছে।
শনিবার বিকালে পুলিশ ফাতেমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার স্বামী হত্যা করে বাড়ির সামনে একটি গোয়াল ঘরে পুরে রেখেছে। আজ সকালে কালীগঞ্জ থানা পুলিশ রফি উদ্দিনের লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, তাকে হত্যার পর হাত-পা দেহ থেকে আলাদা করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী ফাতেমা ও তার সহযোগীতা করার জন্য মোচিকের বয়লার সেকশনের ফায়ারম্যান আনিচ ভুইয়াকে পুলিশ আটক করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
