দিনাজপুরের পার্বতীপুরে ক্রিকেট খেলা ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে আরিফুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার বিকালে উপজেলার বাইতুল আমান মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। রবিবার ভোরে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আকরাম আলী (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাদ্রাসার মাঠে ক্রিকেট খেলার সময় আকরামের সঙ্গে আরিফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আকরাম ব্যাট দিয়ে আরিফের মাথায় আঘাত করে। এতে আরিফ গুরুতর জখম হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুরে স্থানান্তর করা হয়। সেখানে ভোরে তার মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহামুদুল হাসান জানান, এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠােনা হয়েছে।
