অনলাইন পাইরেসি রোধে আরও কঠোর রাশিয়া

আপডেট : ০৩ মে ২০১৫, ১৪:৪৮

অনলাইন পাইরেসি রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দিকে যাচ্ছে রাশিয়া। ২০১৩ সালে তারা এই বিষয়ক একটি আইন পাস করার পর এবারে সেই আইনে বেশকিছু সংশোধনী নিয়ে এসে আইনটিকে আরও শক্তিশালী করে তোলা হয়েছে।

২০১৩ সালের মাঝামাঝিতে পাস হওয়া এই আইনে পাইরেসির সাথে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল আইএসপিগুলোকে। তখন কেবল সেসব ওয়েবসাইটগুলোকেই এই আইনের আওতায় নিয়ে আসা সম্ভব ছিল যেগুলোতে সিনেমা বা টিভি শো’র পাইরেটেড কপি শেয়ার করা হয়ে থাকে।

সংশোধিত নতুন আইনে এই সাইটগুলোর পরিধি বাড়ানো হয়েছে। যেসব সাইটে সিনেমা, গান, টিভি শো বা অন্যান্য কনটেন্টের পাইরেটেড কপির লিংক শেয়ার করা হয় সেই সব ওয়েবসাইটকেও এখন এই আইনের আওতায় নিয়ে আসা যাবে। শুধু তাই নয়, কোনো সাইটের কাছে এ বিষয়ে অভিযোগ করলে তাকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই জবাব দিতে হবে। আর এসব সাইট বন্ধ করে দেওয়ার জন্য আদালতের কোনো নির্দেশনারও প্রয়োজন হবে না।

পাইরেসিতে অভিযুক্তরা আদালতে লড়তে পারবেন। তবে এমন অভিযোগে দুইটি মামলায় হেরে গেলে সংশ্লিষ্ট সাইট কালোতালিকাভুক্ত হয়ে যাবে। সৃজনশীল কাজ যারা করে থাকেন, তাদের অধিকার সংরক্ষণে এই আইন ভূমিকা রাখবে বলে জানান রাশিয়ার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সের্গেই ঝেলেজনিয়াক। গত ১ মে থেকে সংশোধিত আইনটি কার্যকর করা হয়েছে।