ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচন নিয়ে জাতিসংঘের মাতামাতিকে নজীরবিহীন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে নিয়ে জাতিসংঘের এতো মাতামাতি বিশ্বের ইতিহাসে নজীরবিহীন।’
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির সাংগঠনিক অবস্থার দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরকার।’ তিনি বলেন, ‘আন্দোলনে ও নির্বাচনে তারা একবারেই নিধিরাম সরকার। তাদের নেতারা হরতাল ও অবরোধের ডাক দিয়ে বাড়িতে ঘুমায়। কেউ মাঠে নেই।’
